জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৬:২০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৬:৩২ পিএম
ছাড়ার জন্য প্রস্তুত বাস। ছবি : প্রবা
বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীতে বাসসহ গণপরিবহন প্রায় বন্ধ থাকলেও দুপুরের পর সায়েদাবাদ থেকে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। যাত্রীরাও ফিরছেন টার্মিনালের দিকে।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাস ছেড়ে যেতে দেখা গেছে।
সিলেটগামী মিতালি পরিবহনের বাসচালক শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাস বন্ধ থাকায় কোনো ইনকাম নাই। এখন বাস ছাড়লে অন্তত একটা ফুল ট্রিপ মারতে পারব। একটু পর থেকে আরও বাস চলতে শুরু করবে। যাত্রীরাও আসতে শুরু করেছে।’
তা ছাড়া ওই এলাকার রাস্তাঘাটে বাড়তে শুরু করেছে মানুষের আনাগোনা, যা শনিবার সকালে বা শুক্রবার ছিল না।
ভৈরবের উদ্দেশে রওনা হওয়া আতিক শুভ নামে একজন যাত্রী বলেন, ‘অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলাম। কিন্তু বাস বন্ধ ছিল। মাত্র বাস ছাড়ল। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। এখন সময়মতো পৌঁছাতে পারলেই হয়।’
কুমিল্লার বাসযাত্রী শাহিদা বেগমের দেবর হাসপাতালে। তাকে দেখতে যাবেন তিনি। শাহিদা বলেন, ‘আমার যাওয়া জরুরি। কিন্তু গাড়ি না পাওয়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। মাত্র গাড়ি ছাড়ল।’