প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২২:১৬ পিএম
ফাইল ফটো
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আগামীকাল ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই বিশেষ ট্রেনের ভাড়া বাবদ জামায়াত ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে বলে জানা গেছে।
এই খবর নিয়ে দিনভর নানা আলোচনার মধ্যে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, জামায়াতকে ভাড়ায় বিশেষ ট্রেন পরিচালনা একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
একই সঙ্গে বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধও জানিয়েছে রেলওয়ে।
শুক্রবার (১৮ জুলাই) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় বলছে, রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ের বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির নজির না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চলছে।
এতে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় হয়নি উল্লেখ করে রেলওয়ের জানায়, আগেও বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি উপলক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করেছে। নির্দিষ্ট ভাড়া আদায় সাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনা করা রেলওয়ের একটি নৈমিত্তিক কাজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ক্ষেত্রে বিশেষ ট্রেন পরিচালনা না করলে বিভিন্ন রুটে চলাচলকারী নিয়মিত ট্রেনে টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা কঠিন ও দুরূহ হয়ে পড়ে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পান না এবং বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায়।
অন্যদিকে বিশেষ ট্রেন পরিচালনা করলে নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে দলের নেতাকর্মীরা ট্রেনে ভ্রমণ করতে পারেন। এতে বাংলাদেশ রেলওয়ে একদিকে যেমন রাজস্ব আয় করতে পারে, তেমনি অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীরা বাড়তি ভোগান্তি থেকে পরিত্রাণ পায়।
রেলওয়ে আরও বলছে, চার জোড়া বিশেষ ট্রেন সাপ্তাহিক অফ-ডে থাকা নির্ধারিত রেক দ্বারা পরিচালনা করা হবে। এছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে। ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোনো ট্রেনের যাত্রা বিঘ্নিত হবে না। অর্থাৎ এসব রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে দলটি প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করে ট্রেন ভাড়া নিয়েছে বলেও জানিয়েছে রেলওয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সিদ্ধান্ত, এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নাই। আগের প্রচলিত নিয়ম অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হবে।
৪ জোড়া ট্রেন ভাড়া
সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য এই চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে জামায়াতে ইসলামী। এসব ট্রেনের মধ্যে একটি ছাড়বে রাজশাহী থেকে; একটি সিরাজগঞ্জ থেকে; একটি চট্টগ্রাম থেকে; আরেকটি ময়মনসিংহ থেকে। জামায়াতের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনগুলো বরাদ্দ দেন।
সমাবেশ উপলক্ষে জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তুলেছেন কেউ কেউ। এসব সমালোচনা শুরুর পর এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয় রেলপথ মন্ত্রণালয়।
চার জোড়া ট্রেন ভাড়া নিতে জামায়াতকে কত টাকা গুনতে হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কৌতূহলও প্রকাশ করেছে মানুষজন। কেউ কেউ বলছে, চার জোড়া ট্রেন ভাড়া করতে ৫০ লাখ টাকার মতো গুনতে হয়েছে জামায়াতকে।
তবে রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে তারা প্রায় ৩২ লাখ নগদ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যার ফলে রেলের আয় বৃদ্ধি পেয়েছে।