এনায়েতুর রহমান ও কাজল বরণ দাস, পটুয়াখালী
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১০:৪১ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫ ১৯:৫৬ পিএম
পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে নানা সাজে সজ্জিত হয়েছে পুরো শহর
পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ২৩ বছর পর হচ্ছে এই সম্মেলন। সম্মেলন ঘিরে জেলা বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ। নানা সাজে সজ্জিত করা হয়েছে পুরো শহর। সম্মেলনে লণ্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বহুল প্রতীক্ষিত কাউন্সিল উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করেন কাউন্সিল নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী। চূড়ান্ত তালিকায় সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী লড়াই করছেন।
সভাপতি পদে লড়ছেন বর্তমান আহ্বায়ক স্নেহাংশু সরকার কুট্টি ও সদস্য মাকসুদ আহাম্মদ বায়জিদ (পান্না মিয়া)। সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, বশির আহম্মদ মৃধা, অ্যাডভোকেট তৌফিক আলী খান (খান কবির), সাইদুর রহমান তালুকদার (সাইদ তালুকদার), মনিরুল ইসলাম লিটন ও দেলোয়ার হোসেন খান নান্নু। সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে একজনকে কাউন্সিলরা বেছে নেবেন।
এবারের কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সবাই বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং মাঠপর্যায়ে তাদের জনপ্রিয়তা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী ও সর্বজনগ্রাহ্য নেতৃত্ব গঠনের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।
সম্মেলন ঘিরে নিরপেক্ষতা ও গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রচলিত পদ্ধতিতে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল হক ফরাজী। তার নেতৃত্বে গঠিত কমিশনই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে এবং কাউন্সিলরদের ভোটের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করা হবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আজ বিকালে অনুষ্ঠিত হবে। সেখানে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে। সম্মেলনের মাধ্যমে জেলার রাজনীতিতে বিএনপির পুনঃউত্থান ঘটবে কি না সেই দিকেই তাকিয়ে আছে তৃণমূল নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০২ সালে সর্বশেষ পটুয়াখালী জেলার বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর দুই দশক ধরে আটকে ছিল সম্মেলন।
ইতোমধ্যে জেলা ও উপজেলার নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জেলা শহর। সম্মেলনে যোগ্য নেতৃত্ব পাওয়ার আশাবাদ পোষণ করছেন নেতা ও কর্মীরা। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সংগঠন ও কর্মীদের সঙ্গে ছিলেন এবং দলের হাল ধরতে পারবে এমন অভিভাবক চান কাউন্সিলররা।
বরিশাল বিভাগের মধ্যে প্রথম জেলা হিসেবে সম্মেলনের আয়োজন করছে পটুয়াখালী জেলা বিএনপি। নেতারা বলছেন, এটি বিভক্তির নয়, বরং ঐক্যের সম্মেলন। এই কমিটিই আগামী জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করবেন বলে এই সম্মেলনের গুরুত্ব অনেক।