প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৭:৩১ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৮:০২ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : প্রবা
বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চোধুরী এ্যানীকে গোয়েন্দা পুলিশের একটি দল ‘নিয়ে গেছে’ বলে নিজেই জানিয়েছেন তিনি। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার জন্য রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশ তাকে নিয়ে যায়।
তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটি নিজেই সঠিকভাবে বলতে পারেননি শহীদ উদ্দিন চোধুরী এ্যানী।
তিনি বলেন, ‘ডিএমপি কমিশনারের সাথে আমার কথা হয়েছে। আমি তার সাথে কথা বলতে পার্টি অফিস থেকে বের হয়ে একটু সামনে এগুতেই পশ্চিম দিক থেকে ডিবির একটি দল আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে জানি না।’

এ্যানীকে নিয়ে যাওয়ার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে আটক করা হয় শিমুল বিশ্বাসকে।
এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধা দিয়েছে পুলিশ। কার্যালয়ে প্রবেশ করতে গেলে তাকে সামনে আটকে দেয় পুলিশ। পরে কার্যালয়ের সামনেই বসে পড়ে অবস্থান নেন ফখরুল।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় শুরু করে। পরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। অনুমতি না পেলেও নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণার পর পরিস্থিতি থমথমেই ছিল।