প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০০:৩৫ এএম
আপডেট : ০৯ মে ২০২৫ ০০:৩৬ এএম
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১১ টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁরা বলেন, শুধু যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করে মূল সংগঠনকে রক্ষা করা যাবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করতে হবে।
এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।
এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আজ রাতেই ফয়সালা হবে।
এনসিপি নেতারা জানান, শহীদদের জন্য ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। দলটির পক্ষ থেকে আইসিটি আইনে দলীয়ভাবে বিচার করার বিধান সংযোজনেরও দাবি জানানো হয়।আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।