× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজনীয় উপাদান নয় : আখতার

রংপুর অফিস

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৭:৪১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা গণহত্যার আনজাম দেয়, দেশের মানুষের ওপর মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, গণতন্ত্রকে লুন্ঠন করে নিয়ে যায়, এমন শক্তি কোনোভাবে গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। গণতন্ত্রকামী মানুষ ও দেশ কোনোভাবে ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করতে দেওয়ার অধিকার রাখে না। তাই আমরা মনে করি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে ভ্যান শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, নিবন্ধন বাতিল ঘোষণাসহ তাদের দলের নাম ও মার্কা নিয়ে বাংলাদেশে কেউ কোনোভাবে রাজনীতি করতে পারবে না।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা- যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, দেশ গণতান্ত্রিক পরিবেশে উত্তোরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরে দেশের মানুষ আগামীর বাংলাদেশ বির্নিমান করতে চায়। সে যাত্রায় জাতীয় নাগরিক পার্টি কাজ শুরু করেছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভেতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। দেশে ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে দেশের শাসন কাঠামো পরিচালিত হবে তা দেশের মানুষ চায় না। দেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে। আশা করবো ক্রিয়াশীল ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক পক্ষ গণপরিষদ নির্বাচনের বিষয়ে জনগণের আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

এনসিপির সদস্য সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। অন্য রাজনৈতিক শক্তি যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব। এতে এই সময়সীমার মধ্যে নির্বাচন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সম্পর্কে বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যোগসাজশ করে পরপর ৩টি ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচন করেছে। এই দুই দলের যোগসাজশে দেশের মানুষ গণতন্ত্রের আবহ থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত ছিল। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদীদের যাতাকলে পিষ্ট হওয়ার পেছনে ছিল এই দুটি রাজনৈতিক দল। দেশের ২০২৪ সালে যেন গণহত্যা সংগঠিত হয়েছিল তার প্রকাশ্য মদতদাতা সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি। পিলখানা হত্যাকান্ড, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকান্ড, শাপলা হত্যাকান্ড ও জুলাই হত্যাকান্ডে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং দল হিসেবে আওয়ামী লীগ জড়িত ছিল।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করেছে। এই মধ্যমপন্থী রাজনীতিতে সকল ধর্মের, সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মানবিক মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে সারাদেশের বিভিন্ন প্রান্তে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছড়িয়ে পড়েছে। মানুষের সাথে কথা বলে মতবিনিময় করে তরুণদের নেতৃত্বে দেশে যে জাগরণ তৈরী হয়েছে, তার প্রতি মানুষের প্রত্যাশার পারদ আমরা অনুভব করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির সংগঠক আলমগীর নয়ন, তৌফিক ইসলামসহ অন্যরা। এরপর দুই শতাধিক ভ্যানে নেতাকর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা পীরগাছার দেউতি, সৈয়দপুর, কদমতলা, পীরগাছা, নেক মামুদ, পাওটানা, ভাইয়েরহাট ও কাউনিয়ার টেপামধুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা