সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১০:৫৭ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১১:০২ এএম
জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধানিবেদন শেষে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধান ও শাসনকাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শুধু সরকার পরিবর্তন করলেই জনগণের কল্যাণ নিশ্চিত বা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। আমরা গণতান্ত্রিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র পেলেও গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। একদলীয় শাসনকাঠামো ফ্যাসিবাদের বীজ বপন করেছে, যা পরিবর্তন না হলে জনগণের মুক্তি সম্ভব নয়। তাই নতুন প্রজাতন্ত্র ও গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এনসিপির সাংগঠনিক লক্ষ্য সম্পর্কে তিনি জানান, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করে নিবন্ধনের শর্ত পূরণে দল কাজ করছে। এ মাসের মধ্যেই গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু হবে বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের ফয়সালা বাংলার মাটিতে করতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করা উচিত।
এ সময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, আরিফুল আবীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা নিভা, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহসহ দলের অন্য নেতাকর্মীরা।