প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫৮ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ সাত বছর পর বিএনপির বর্ধিত সভা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে সকাল ১০টায় সভা শুরু হবে।
এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভার উদ্বোধন ও সমাপনী পর্বে বক্তব্য দেবেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লো মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর পাঁচ দিন পর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবরণ করেন তিনি।
জানা গেছে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে ৩ হাজারের বেশি নেতৃবৃন্দ এ বর্ধিত সভায় অংশ নিচ্ছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্য, সব মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন।
এর বাইরেও বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।
এদিকে বর্ধিত সভা ঘিরে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।