প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মঙ্গলবারের গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দলটির আমির ডা. শফিকুর রহমানের বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াত ঘোষিত গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের প্রেক্ষিতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত। এ সময় মুক্তি না দিলে কর্মসূচি আরও তীব্র করার ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
পরে ২০ ফেব্রয়ারি নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এটিএম আজহারের মুক্তির দাবিতে ২৫ তারিখে আদালতে গিয়ে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মাঝে বেশ উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। তারাও আমিরের সঙ্গে কারাবরণের ঘোষণা দেন। এক পর্যায়ে ২৫ তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের (যমুনা) সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা দেয় দলটি। এটি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতিও নেয় জামায়াত। তবে একদিন আগেই তা স্থগিত ঘোষণা আসে দলটির পক্ষ থেকে।
এদিকে মঙ্গলবার আদালতে এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এতে তার মুক্তির আশা করছেন নেতাকর্মীরা।