প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ পিএম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ফটো
সরকার নানাভাবে নিজেদেরকে বিতর্কিত করে তুলছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। এতে জনজীবনে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। খোদ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আশঙ্কাজনকভাবেই পরিস্থিতির অবনতি ঘটছে। রাজধানীতেই দিনেদুপুরে রোমহষর্ক ঘটনা ঘটছে। কিছু অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও আবার সন্ত্রাসী তৎপরতা বাড়ছে।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।
সাইফুল হক বলেন, সরকারের কথিত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার অকার্যকর হয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যেতে পারে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ কাজও প্রবল ঝুঁকির মধ্যে নিপতিত হতে পারে। জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্বক উদ্যোগ নেবার আহবান জানান তিনি।
সাইফুল হক বলেন, ননইস্যুকে ইস্যু বানিয়ে কোন কোন মহল সরকারকে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কিনা- আজ এই প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। সরকার নানাভাবেই নিজেদেরকে বিতর্কিত করে তুলছে। নানা যুক্তিতে সরকার নিজেদের ক্ষমতা প্রলম্বিত করছে কিনা-এই প্রশ্নও দেখা দিয়েছে। সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তুলতে সরকারের প্রতি আহবান জানান। একইসঙ্গে রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।