মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪ পিএম
পাকুন্দিয়ায় গণ-সমাবেশে বক্তব্য দেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রবা ফটো
গত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের বিবরণ দিয়ে দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
তিনি বলেছেন, যদি আওয়ামী লীগের মতো গণ-হত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট দল নিষিদ্ধ না করা হয় তবে ভবিষ্যতে বাংলাদেশে আবার ফ্যাসিস্ট ও খুনি স্বৈরাচার জন্ম নিবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পাকুন্দিয়া উপজেলা সদরে স্থানীয় ঈদগাহ ময়দানে গণ-অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নূর বলেন, ভারতে বসে, ভারতে প্রেসক্রিপশনে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনা এ দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের উস্কানি দিচ্ছে। অথচ উনিসহ মূল নেতারা সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের এই অপতৎপড়তায় জাতি বিক্ষুদ্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডি ৩২ নম্বরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে ও একজন শান্তিপূর্ণ মানুষ হিসেবে কখনও সংঘাত-সহিংসতাকে সমর্থন করিনা।
নুরুল হক নূর অন্য একটি বিরোধী দলের উদ্দেশে বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যারা বাকিদের অবদান অস্বীকার করে ফায়দা লুটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের পরিণতির কথা মাথায় রাখতে হবে।
এ সময় আজ থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টকে সমর্থন ও স্বাগত জানিয়ে তিনি এর সফলতা কামনা করেন।
পাকুন্দিযা উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন।
বিকাল সাড়ে চারটার দিকে শুরু হওয়া সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাজির হয়।