অন্তর্বর্তী সরকারকে ফখরুল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। তাই রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “সবাই এখন এমন এমন বক্তব্য দিচ্ছেন তাদের নিজেদের ক্ষতি হচ্ছে। সতর্ক থাকা খুবই জরুরি। গতকাল একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে’। এই বক্তব্য মারাত্মক। সবাই- বিশেষ করে বিএনপি এই সরকারকে সমর্থন করছে। কেননা তারা তাদের কাজ শেষ করে নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। তাই উপদেষ্টার সেই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
ফখরুল বলেন, ‘পতিত সরকার ভারতে আশ্রয় নিয়ে অ্যাক্টিভ হচ্ছে। আবার ক্ষমতা দখলের জন্য ফিরে আসতে পারে। তাই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অ্যাক্টিভ হতে হবে যেন তারা আর ফিরে আসতে না পারে।’
তিনি বলেন, ‘মিডিয়ার মাধ্যমে বেশি অ্যাক্টিভ হবে হবে। আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। তরুণরা অলৌকিক কী শক্তি পেল, যে দুমাসে তারা সরকারকে ফেলে দিল! কারণ তাদের লেখনি। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে, ঐক্যবদ্ধ ছিল।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ করলে গলাকাটা আর বিএনপি করলে মুণ্ডুচ্ছেদ- এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে পরমত সহিষ্ণুতা। গণতন্ত্রকে যতক্ষণ পর্যন্ত সংস্কৃতিতে পরিণত করতে না পারব ততদিন আন্দোলন চলবে।’