কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২১:৫১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। আমরা প্রাথমিক শিক্ষার ওপর সর্বোচ্চ নজর দিব। প্রাথমিক শিক্ষাকে এমনভাবে ঢেলে সাজানো হবে, যাতে দেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা শিক্ষকতায় আসেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লার একটি কনফারেন্স হলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। কোনো শিক্ষককে যাতে ক্লাস শেষে অন্য কাজে যুক্ত হতে না হয়, শিক্ষকরা যাতে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে মনোনিবেশ করেন, সেই ব্যবস্থা করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে; যাতে এই অভ্যুত্থানের কথা সবাই মনে রাখে। আহত ও নিহত পরিবারের পাশে বিএনপির যে সকল নেতাকর্মী দাঁড়িয়েছে তাদের সাধুবাদ জানাই। ক্ষতিগ্রস্তরা কে কোন দলের তা চিন্তা না করে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে, এটি প্রশংসনীয়।
তিনি বলেন, পতিত সরকার দুর্নীতির ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আমরা প্রাথমিক থেকে শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দেব দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ বাক্যটি। তাহলে শৈশব থেকে সবার মাথায় দুর্নীতিবিরোধী মনোভাব জন্ম নেবে।
তারেক রহমান বলেন, সবজির পচন ও অপচয় ঠেকাতে বিভিন্ন স্থানে সমবায়ভিত্তিক ছোট ছোট কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। দেশকে স্বনির্ভর করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলিসহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।