× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থায়ী কমিটির বৈঠক

দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপিও

বাছির জামাল

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ০০:৪৪ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১০:৪৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। 

সোমবার (২ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় এসব বিষয়ে পর্যালোচনা করে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির নীতিনির্ধারকরা। তারা বলেন, ভারতের আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারা অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

বিএনপি ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকালের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডভিত্তিক একটি তথ্যচিত্র দেখানোর কথা রয়েছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও এনিয়ে সহিংসতায় একজন আইনজীবীর নিহত হওয়া, আগরতলায় সহকারী হাইকমিশন ও কলকাতায় উপ-হাইকমিশনে হামলা এবং সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের বিবৃতির বিষয়ে আলোচনা হয়। 

বিএনপির কয়েকজন নীতিনির্ধারক জানান, সেখানে তারা বলেছেন, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ও ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা। এটি পূর্বপরিকল্পিত। ভারতের বক্তব্য ও কর্মকাণ্ড প্রমাণ করে তারা আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। এতে বিশ্বের দরবারে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানো সহজ হবে। তারা মনে করেন, এসব ঘটনার সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমদু টুকু বলেন, ‘শেখ হাসিনার পতনের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। তারা এখনও হাসিনাপ্রীতির মধ্যেই রয়ে গেছে। তারা চায় না বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের বন্ধুত্ব হোক।’ তিনি বলেন, ‘ভারত অযাচিতভাবে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করছে। এটি কোনোভাবেই প্রতিবেশীসুলভ আচরণ হতে পারে না। ভারতের অভ্যন্তরে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটলেও আমরা কূটনৈতিক শিষ্টাচার অতিক্রম করিনি।’

২১ আগস্ট মামলার রায়ে সন্তুষ্ট

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। বৈঠকে নীতিনির্ধারকরা বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে মামলাটি ষড়যন্ত্রমূলক ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের যুক্ত করেছিল।  

বিএনপিও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে

বৈঠকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, টাকা পাচারের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। দলটি পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগ চায়। বিএনপি দলীয়ভাবে অর্থ পাচারসহ পুরো অর্থনীতি বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এজন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বর কনসার্ট করা হবে

বিএনপি বিজয় দিবস উপলক্ষে দেশীয় শিল্পীদের নিয়ে ঢাকায় বড়ধরনের কনসার্টের আয়োজন করবে। বিজয় দিবসের অনুষ্ঠানে নতুনত্ব আনতে ও জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর কনসার্ট হবে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্যোগে। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এই দাতব্য কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। বৈঠকে এ কনসার্টের বিষয়ে ইতিবাচক আলোচনার পাশাপাশি বিএনপিও একই ধরনের আয়োজন করার সিদ্ধান্ত নেয়।

মির্জা ফখরুলের নিন্দা 

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে ‘জেনেভা কনভেনশনের বরখেলাপ’ বলে এর নিন্দা জানিয়েছেন। 

তিনি বলেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে, তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত সরকার ও সে দেশের জনগণের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে। আমরা আশা করব, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনকালে যেসব নেতা ভারতে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন… এটা আমরা আশা করি।’

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চান রিজভী

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন । 

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়া, সেখানে আমাদের মানুষদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া।’

তিনি বলেন, ‘আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলব, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সঙ্গে। সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্যে শত্রুতায় নেমেছেন, সেটা সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা