× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমান দেশে ফিরছেন কবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান। ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান। ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান কবে ফিরছেন? ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রশ্নটি ঘুরেফিরে আলোচনায় উঠলেও এখন পর্যন্ত তিনি দেশে ফেরেননি। তবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমানসহ সব আসামি গতকাল রবিবার হাইকোর্টের রায়ে খালাস পেয়ে যাওয়ার পর সেই প্রশ্নই আবার সামনে চলে এসেছে। অনেকেই মনে করছেন, তারেক রহমানের ফেরার পথে যত আইনি প্রতিবন্ধকতা ছিল তা অনেকটাই কেটে গেছে এই রায়ের মধ্য দিয়ে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রবিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ নিয়ে বিএনপির দাবি তোলার কিছু নাই। ইট ইজ ডিসাইডেড বাই হিমসেল্ফ। পার্টিও তার জন্য অপেক্ষা করছে। ‍ওনার কতগুলো মামলা রয়েছে। এই মামলাগুলো অনগোইং প্রসেসের মধ্যে আছে। আদালতে তা চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, উনি মামলাগুলো শেষ করেই দেশে ফিরবেন। দল চাইছে মামলামুক্ত হয়ে তারেক রহমান দেশে ফিরুক।’ 

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবিরোধী অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের আটক করা হয়। বিএনপির তৎকালীন সিনিয়র সহসভাপতি তারেক রহমানকেও ওই বছরের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। পরের বছর ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে তিনি লন্ডনে চলে যান। সেই থেকে এখনও লন্ডনেই অবস্থান করছেন। সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠক, সভা-সমাবেশে বক্তব্য দেওয়াসহ দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রায়ে কারাগারে গেলে সেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর উচ্চ আদালতের রায়ের পর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আদালত পাঁচটি মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছিলেন। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন তিনি। বাকি রয়েছে চারটি মামলা।  

সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ‘গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। এর বাইরেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি শেষ পর্যায়ে। আশা করব, ওই মামলায় তিনি খালাস পাবেন।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, তারেক রহমানের নামে মোট ৮৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৬২টি মামলা সিভিল (মানহানি মামলা)। ওয়ান-ইলেভেনের সময় ১৯টি মামলা করা হয়েছিল। এর মধ্যে ২টিতে তারেক রহমানের নাম ছিল। বাকিগুলোয় নাম ছিল না। এর মধ্যে ১৪টি মামলা হাইকোর্ট বাতিল করে দিয়েছেন।

উল্লেখ্য, তারেক রহমান ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্ট পটপরিবর্তনের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতের এক আদেশে তার বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সময়ের পরিক্রমায় দীর্ঘ ১৬ বছরে দেশান্তরে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান আবার কবে দেশের মাটিতে পা রাখবেনÑ সেই দিনটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দলটির অগণিত নেতাকর্মী ও সমর্থক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা