× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দর নগরীতে চাঙ্গা জামায়াত পৌঁছাতে চায় জনগণের কাছে

আবু রায়হান তানিন, চট্টগ্রাম

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ০৯:৪৭ এএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। জানাজার নামাজ পড়ান মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। শুধু তাই নয়, জানাজায় অংশ নিতে ঢাকা থেকে আসা দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়ায় যান তার সঙ্গে। এর বাইরে এ ঘটনার প্রতিবাদে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ ও মিছিলটিও করেছে ইসলামী ছাত্রশিবির। আলিফ হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতের এমন অবস্থান মূলত সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তাদের প্রভাবকেই নির্দেশ করে।

চট্টগ্রামে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহে অতীতের যেকোনো সময়ের চেয়েও অনেক বেশি চাঙ্গা অবস্থায় দেখা যাচ্ছে দলটিকে। এর মধ্যেই বিভিন্ন ঘটনায় রাজনীতির ময়দানে নিজেদের প্রভাব শক্তিশালী কর্মী বাহিনী ও তাদের ওপর নিয়ন্ত্রণের বিষয়টিও স্পষ্ট হচ্ছে। ইতোমধ্যে গত ১৫ বছরে দলটির বেহাত হওয়া আর্থিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্বও বুঝে নিয়েছে দলটি। সামনের দিনগুলোয় জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে জনগণের কাছে যাওয়া এবং গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে নিজেদের তুলে ধরাতেই তাদের বেশি মনোযোগ। এজন্য নগরীতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাসহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। সম্প্রতি হালিশহরে বিভিন্ন দফায় এসব কর্মসূচি পালন হয়েছে জানিয়ে হালিশহর থানার একজন দায়িত্বশীল বলেন, এসব আমরা আগেও করতাম। তবে জানান দিয়ে বড় পরিসরে করার সুযোগ ছিল না। এখন কোনো বাধা নেই, তাই বড় পরিসরে করা যাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই। 

এই মুহূর্তে জামায়াত কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছেÑ এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা এখন বৈষম্যহীন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি। এক্ষেত্রে সাম্প্রদায়িক যে বিভাজন সেটাকে আমরা ধ্বংস করতে চাই। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছি।’

এর মধ্যে বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা, কর্মিসভাসহ নিয়মিত রাজনৈতিক কর্মসূচিও পালন করছে দলটি। গতকাল শুক্রবার চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগের দিন মহানগরীর থানা আমিরদের সমাবেশ হয়। একই দিন চট্টগ্রামের তামাকুণ্ড লেইন বণিক সমিতির মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

বর্তমানে এটিই জামায়াতের রাজনৈতিক কৌশল। নিজেদের সাংগঠনিক রাজনীতির পাশাপাশি সামাজিক ও ব্যবসায়িক বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে দলটি। এ বিষয়ে জানতে চাইলে মহানগর জামায়াতের নায়েবে আমির আজম ওবায়েদুল্লাহ বলেন, ‘আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে চাই বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে। আমাদের কার্যক্রম সব সময় ইতিবাচক। অতীতে বিভিন্ন বাধা ছিল, এখন যেহেতু নেইÑআমরা চাই সুযোগটা কাজে লাগিয়ে মানুষের কাছে নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে।’

যদিও জামায়াতের নেতারা বলছেন, এই মুহূর্তে নির্বাচন নিয়ে ভাবছেন না তারা। তবে মাঠপর্যায়ে নির্বাচনের প্রস্তুতি সামনে রেখেই কাজ করছেন বলে জানাচ্ছেন দলটির কর্মীরা। হালিশহর এলাকার একজন কর্মী বলেন, নেতারা যতই বলুক নির্বাচন নিয়ে ভাবছেন না, আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি। আপনি খেয়াল করলে দেখবেন, আমরা প্রতিনিয়ত মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছি। এই মুহূর্তে নেতাকর্মীরা অনেক চাঙ্গা ও আত্মবিশ্বাসী। মানুষের কাছ থেকেও সাড়া পাচ্ছি।

এই কর্মীর দাবিও মিথ্যা নয়। বিশেষ করে, তরুণদের কাছে দলটি বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য করলে এমনটিই দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন ইসমাইল হোসেন নয়ন। গত বুধবারের শিবিরের মিছিলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘একটা বৃহৎ রাজনৈতিক দলের নেতারা ইনিয়েবিনিয়ে গণমানুষের চাওয়ার বিপক্ষে বক্তব্য দিলেও আরেক জনপ্রিয় রাজনৈতিক দলের ইয়ুথ উইং ছাত্র-জনতার মনোবাসনা অনুযায়ী কর্মসূচি দিয়ে ইতিহাস তৈরি করেছে। রাজনীতি করতে হলে কোনোভাবেই গণমানুষের চাওয়ার বিপক্ষে যাওয়া যাবে না।’

এ ছাড়া বিভিন্ন আর্থিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানেও নিজেদের কর্তৃত্ব পুনঃস্থাপন করেছে জামায়াত। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এটিও দলটির রাজনীতিতে অনেক বেশি ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে জানতে চাইলে আজম ওবায়েদুল্লাহ বলেন, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি আমাদের আদর্শের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সবার। মাঝখানে এগুলো পরিচালনা বেহাত হয়েছিল। এখন সঠিক লোকের হাতে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা