প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৮:৫০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রবা ফটো
শপথগ্রহণ পরবর্তী কাজে নতুন নির্বাচন কমিশন সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী । তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনে।
রবিবার (২৪ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠকের পর আমীর খসরু বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের মনে আছে বোধহয়, তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী প্রথম বিদেশি হিসেবে রোহিঙ্গা শরানার্থী ঘটনার দুই সপ্তাহের মধ্যে ঢাকায় এসেছিলেন। তার আগে কোনও বিদেশি আসেন নাই। সেজন্য তুরস্কের একটা কমিটমেন্ট আছে রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে।’
আমির খসরু আরও বলেন, কক্সবাজারে হসপিটালসহ তাদের একটি প্রেজেস এখনও আছে। এই সমস্যা সমাধানে ব্যাপারে আমরা সবাই আন্তর্জাতিকভাবে কাজ করবো।
এই সাক্ষাৎ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।