প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম
শুক্রবার শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল। প্রবা ফটো
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশে বলেছেন, মামলা চলাকালে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। তার সেই স্মৃতিবিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন যাতে তিনি তার ক্ষত সারিয়ে নিতে পারেন এবং দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়-অবিচার হয়েছে তার কিছুটা হলেও প্রতিকার হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, খালেদা জিয়া এ দেশের সূর্যসৈনিক। তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী। তিনি সেনা দিবসে ক্যান্টনমেন্ট যাবেন এটাই স্বাভাবিক। তবে সেখানে তার যে অনুভূতি বা অভিব্যক্তি দেখেছি তাতে মনে হয়েছে একটি পাখিকে বহু বছর পায়ে শিকলবন্দি করে রাখা হয়েছিল। সে পাখিকে মুক্ত করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছু দিন আগে বলেছিলেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে বৃহস্পতিবারের প্রথম পদক্ষেপ দেখলাম।
সংস্কার প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, আমরাই সংস্থারের জনক। বিভিন্ন দফা পেশ করে পরে ৩১ দফার প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। আমরা যখন সংস্কারের প্রস্তাব পেশ করি তার অনেক পরে ছাত্রবিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন ট্রেন কত দ্রুতগতিতে চলবে তা আমরা সবাই বুঝতে পারব। বিএনপি নতুন ইসির প্রতি আস্থা রাখতে চায়। তবে কথা কম বলে কাজে বিশ্বাসী দেখতে চাই।
এ সময় প্রচার দলের সভাপতি মসহফুজ কবির, সাধারণ সম্পাদক আকবার হোসেন, সিনিয়র সহসভাপতি আল আমিন, সহসভাপতি আজিজুস সামাদ, রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক এম আক্কাস আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন খান, যোগাযোগবিষয়ক সম্পাদক মোবারক হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক রুবেল নিলয়, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, সহমহিলা সম্পাদক সেলিনা রহমান, সদস্য খায়রুল ইসলাম শান্ত, আব্দুল বারেক শেখসহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।