সশস্ত্র বাহিনী দিবস
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম
দীর্ঘ ১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তিনি। এরপর ভিভিআইপিদের জন্য তৈরি প্যান্ডেলে অতিথিদের আসন গ্রহণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগদান করাকে কেন্দ্র করে ভিন্ন এক আবহ তৈরি হয়। সামরিক বাহিনীর কর্মকর্তারা এবং অন্যান্য অতিথিরা তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
দীর্ঘ ১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় খালেদা জিয়াকে।
২০০৯ সালে সবশেষ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেক বিএনপি নেতা অতিথি হিসেবে এ অনুষ্ঠানে এসেছেন। এছাড়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হোকসহ বিভিন্ন দলের নেতারা এসেছেন।