লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৮:৫৯ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন। প্রবা ফটো
নানা কৌশলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ভারতীয় মিডিয়াতে একটি স্বাধীন দেশ নিয়ে অপ্রচার চালাচ্ছে শুধু শেখ হাসিনার জন্য। ভারতকে বলবো শেখ হাসিনার প্রতি যদি এতো মায়া, তাহলে ভারতে তার জন্য আর একটা তাজমহল তৈরি করেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত হয়ে পড়েছে। ভারত তার জন্য খুব কষ্ট পেয়েছে তা আমরা দেখেই বুঝতেছি। ভারত ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরে এনে ক্ষমতায় বসানোর।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে। সর্তক থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।
গত ১৬ বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করেছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তারা তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছেন। পুলিশের একজন আইজি হাজার কোটি টাকার মালিক আর একজন মন্ত্রীর দেশের বাহিরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি করেছেন। আওয়ামী লীগের মেয়র তার মেয়েকে হিট অফিসার হিসাবে নিয়োগ দিলেন। পরে দেখি হিট অফিসারের স্বামীর আরও বেশি হিট।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন ও ব্যাংক লুট করেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা রক্তপিপাসু, এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন । তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহা নগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক বক্তব্য দেন।
আগামী ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি শেষ হবে।