প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম
ছবি : সংগৃহীত
তরুণ ছাত্রসমাজের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ‘বন্দুকের জোরে ১৫ বছর সবাইকে দমিয়ে রেখেছিল স্বৈরশাসক শেখ হাসিনা। ছাত্র-জনতার অভ্যুত্থানে শুধু স্বৈরাচার পরাজিত হয়নি, তারা কাপুরুষের মতো পালিয়ে গেছেন। আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। এখন এ তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এটাই আজকে আমাদের লক্ষ্য।’
সোমবার (১১ নভেম্বর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রকামী মানুষকে সতর্ক করে মঈন খান বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের দোসররা যেন এ সরকারকে কব্জা করতে না পারে। তারা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে; সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মুক্তিকামী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতন হয়েছে। এটা আন্দোলনের প্রথম ধাপ। এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া।’
এ সময় হাসপাতালের আহত রোগীদের খোঁজখবর নেন এবং ৫১ জন আহত রোগীকে আর্থিক সহায়তা দেন মঈন খান। এ সময় বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসাসেবার মান আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম প্রমুখ।