× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিরুপায় হয়ে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৬:০০ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২২ ২১:৪৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে দাম কমলে সরকার জ্বালানির মূল্য সমন্বয় করবে জানিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের ‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে’ সরকার নিরুপায় হয়ে এই পদক্ষেপ নিয়েছে।

গত শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা এর ব্যাখ্যা তুলে ধরেন। রবিবার সকালে তিনি তার বাসভবনে সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে, যার ফলে ডলারের সঙ্গে টাকার বিনিময় হারেও প্রভাব পড়ে। এতে সরকারকে লোকসান গুনতে হচ্ছে।

জ্বালানি তেল পাচারের আশঙ্কার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পাশের দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির ফলে ২২ ফেব্রুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সরকারের লোকসান প্রায় হয় ৯ হাজার কোটি টাকা। এ প্রেক্ষাপটেই সরকারকে বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বিভিন্ন দেশে জ্বালানি তেলের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, মিয়ানমারে ডিজেলের লিটারপ্রতি মূল্য ১১২ টাকা ৫৬ পয়সা, ভারতে ১১৪ টাকা, শ্রীলঙ্কায় ১১৭ টাকা ৪৯ পয়সা, আরব আমিরাতে ১২২ টাকা ৮০ পয়সা, নেপালে ১২৭ টাকা ৮২ পয়সা, সিঙ্গাপুরে ১৮৯ টাকা ৭৮ পয়সা এবং হংকংয়ে ২৬০ টাকা ৭৫ পয়সা।

আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও মূল্য সমন্বয় করা হবে জানিয়ে তিনি বলেন, সরকার এর আগেও ৪ নভেম্বর ২০২১ সালে মূল্য সমন্বয় করে, তার আগে ২০১৬ সালের ২৫ এপ্রিল আন্তর্জাতিক বাজারে দাম কমায় ডিজেলের মূল্য কমিয়েছিল। ভবিষ্যতেও বিশ্ববাজারে কমলে অভ্যন্তরীণ বাজারে দাম কমিয়ে সমন্বয় করা হবে। 

অর্থনীতিতে বিরূপ প্রভাবের কথা স্বীকার করে কাদের বলেন, এ কথা সত্য, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে অর্থনীতির বিভিন্ন খাতে। সরকার এ বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে নেতিবাচক প্রভাব নিম্নপর্যায়ে রাখতে সচেষ্ট। সরকারের ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের জীবনমান, কৃষি উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিভিন্ন ধরনের সাপোর্ট কর্মসূচির আওতা বৃদ্ধি বিবেচনায় নিচ্ছে সরকার। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে শিগগিরই জ্বালানির দাম স্থিতিশীল হতে শুরু করবে। সেটা আমাদের জন্য আশার বার্তা বয়ে আনবে।

ভাড়া সমন্বয়ে শনিবার বিআরটিএতে পরিবহন মালিক, শ্রমিক সংগঠনসহ অংশীজনদের বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বয়কৃত ভাড়ার চেয়ে বেশি দাবি করবে না বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি সতর্ক করে বলেন, কোনো পরিবহন সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকার নাকি দানবে পরিণত হয়েছে--মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে এ দেশে মানুষ হত্যা, জনগণের সম্পদ নষ্ট করা ও জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে বিএনপিই মূর্তিমান দানবে রূপ নিয়েছে। বিএনপি নেতাদের সমালোচনা করে কাদের আরও বলেন, যারা হত্যার হাতেখড়ি দিয়ে রাজনীতি শুরু করে তারাই দানব, তারা দানবের চেয়েও ভয়ংকর।

যাদের দুর্নীতির দুর্গন্ধে ভূত পালায়, তারাই সরকারের সব কাজে দুর্নীতির দুর্গন্ধ খুঁজে বেড়ায় বলেও বিএনপির সমালোচনা করেন আয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

প্রবা/টিকে/ম.ই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা