প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৩:০৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৪:৪৫ পিএম
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী আমিরের শপথ অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুলকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : প্রবা
সদস্যদের (রুকন) গোপন ভোটে ২০২৩-২০২৪ কার্যকালের জন্য জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির পুনর্নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (২৬ নভেম্বর) সকালে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দক্ষিণের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে আমির পদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়। পরে নির্বাচিত আমির নূরুল ইসলাম বুলবুলকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. হেলাল উদ্দিন, দেলওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান প্রমুখ।
২০১৭ সালে ঢাকা মহানগর শাখাকে উত্তর ও দক্ষিণ শাখায় ভাগ করার পর নূরুল ইসলাম বুলবুল দক্ষিণ শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন।