বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা।
শুক্রবার (১ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে (জাপা) আগামীকাল সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত। তাই জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছিল। আমরা কাকরাইলে পৌঁছানো মাত্রই আমাদের ওপর তারা অতর্কিত হামলা করে।’
তিনি বলেন, ‘আপনারা শুনেছেন জাতীয় পার্টি সমাবেশের ঘোষণা দিয়েছে। আমাদের কাছে খবর আছে তারা দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ ক্যাডার বাহিনী নিয়ে এসে সমাবেশ করবে। আমরা বারবার আল্টিমেটাম দিচ্ছি যেন ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা হয়।’
তিনি আরও বলেন, ‘তারা বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করছে। তাদের প্রতি বর্তমান সরকারের অবস্থান কি আমরা তা জানতে চাই। ডিএমপি কমিশনার কিভাবে এই হত্যাকারীদের দোসরদের সমাবেশ করার অনুমতি দেয় আমরা জানতে চাই।’
জাতীয় পার্টির হামলার অভিযোগ তুলে গণ অধিকার পরিষদের সাবেক নেতা মশিউর রহমান বলেন, আমাদের ওপর জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একত্রে হামলা করে। আমার হাতে এখনো ব্যান্ডেজ করা। তারা নাকি আবার সমাবেশ করবে। এটা কি মগের মুল্লুক পেয়েছে। তারা হামলাও করবে আবার সমাবেশও করবে। তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার সাথে ছাত্র, শ্রমিক, জনতার কোনো সম্পর্ক নেই। বিক্ষুব্দ জনতা তাদের কর্মকাণ্ডের ফলস্বরূপ তাদের অফিস পুড়িয়ে দিয়েছে।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তারের কথাও বলেছেন বক্তারা এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।