প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২০:৩৪ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২০:৫৩ পিএম
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় ছাত্র-জনতা। প্রবা ফটো
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল জাপা কাকরাইল কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলো। এ সময় কার্যালয়ের সামনে উপস্থিত থাকা কয়েকজন নেতাকর্মী মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ঢাবি থেকে বিপুলসংখ্যক ছাত্র ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় জাপা নেতাকর্মীরা প্রতিহত করার চেষ্টা করলে লাঠিসোটা নিয়ে ছাত্ররা তাদের ধাওয়া করে। পরে কাকরাইল ছেড়ে চলে যান দলীয় নেতাকর্মীরা।
আগুনের খবর পেয়ে সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি আগুন নেভাতে এলেও উত্তেজিত ছাত্ররা কার্যালয়ে সামনে ঢুকতে দেয়নি। তবে পুলিশের সহায়তায় পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো কাকরাইল ও পল্টন এলাকা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। এক সময় বন্ধ করে দেওয়া হয় পল্টন-বিজয়নগর সড়ক।
সরজমিনে দেখা যায়, উত্তেজিত ছাত্ররা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হলেও ছাত্রদের নির্বৃত্ত করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশ নিরব ভূমিকা রাখে।
ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ বলেন, ‘সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে নিয়ে মিছিল শুরু করি। বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হওয়ার কথা। তবে মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে উপর্যুপরি আক্রমণ করা হয়। আমাদের প্রায় ২০ জন আহত হয়েছেন।’
এ বিষয়ে হাসান আল মামুন বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের আগে থেকেই অবস্থান ছিল। মিছিলটি আসার সঙ্গে সঙ্গে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তাদের সঙ্গে যোগ দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা এক হয়ে প্রতিরোধ গড় তোলেন।’
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’ ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে জানান বক্তারা। তারা বলেন, রাজনৈতিক অতৎপরতা ও দেশবিরোধী চক্রান্ত এই দেশে হবে না। পরে তারা জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যান। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র-জনতার। এ সময় বেশ কয়েকজন আহত হন। এরপরই জাতীয় পার্টিকে জাতীয় ‘বেঈমান’ আখ্যা দিয়ে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের উদ্দেশে মিছিলের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি স্ট্যাটাসের দেন হাসনাত। এতে তিনি জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ আনেন। সন্ধ্যা ৭টা ৩ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত।’
কিছুক্ষণ পর আরেক পোস্টে তিনি লেখেন, ‘রাজু ভাস্কর্য থেকে সাড়ে ৭টায় মিছিল নিয়ে আমরা বিজয়নগর মুভ করব। জাতীয় বেঈমানদের নিশ্চিহ্ন করতে হবে।’