প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২০:৫৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২১:৪৩ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। রাষ্ট্রপতি ইস্যুতে দলের সিদ্ধান্ত কী হবে— দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে এ সিদ্ধান্ত জানাবে দলটি। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ কথা জানান।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই দুই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। যেসব গণতান্ত্রিক দল আমাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিলুপের প্রাথমিক ধাপে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এখন এই ফ্যাসিবাদ বিলুপের আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ও আমাদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থা এসব বিষয় নিয়ে গত দুই দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলাপ চালিয়ে যাচ্ছি।’
বিএনপির সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি। সেখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে, সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায় এবং কীভাবে ঘোষণা দেব তা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কীভাবে দ্রুততম সময়ে অপসারণ করা যায় এবং কীভাবে রাজনৈতিক সংকট দূর করা যায়- তা নিয়ে কথা বলেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্যকে ধরে রেখে সরকারের ধারাবাহিকতাকে অব্যাহত রাখা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’
‘বিএনপি নেতারা আমাদের সব কথা শুনেছেন। তারা জানিয়েছেন আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানাবে,’ যোগ করেন হাসনাত।
জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন বলেও জানান হাসনাত। তিনি বলেন, ‘একই ইস্যুতে আমারা ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠকে করেছি। তারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতির অপসারণ চায়।’
আগামীতে এ নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান হাসনাত আবদুল্লাহ।