প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১২:৪০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:০৪ পিএম
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি। ছবি : সংগৃহীত
ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে ইলিয়াস আলীকে গুম, চৌধুরী আলমকে গুম, বিরোধী নেতাকর্মীদের গুম ও খুন করে দিল্লির পার্কে বিশেষ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির এই নেতা বলেন, ভারত সরকার গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে অহংকার করে কথা বলে, সে দেশের রাজধানী দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান তিনি। আমি আজকেই এ সভা থেকে দাবি করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ব্যক্তিটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি হয়েছে সেই শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হবে।
আওয়ামী লীগের সিন্ডিকেটই দ্রব্যমূল্য বাড়াচ্ছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেটে এখনও আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত। তারা আলু-পেঁয়াজ-চিনিতে সিন্ডিকেট করে রোজার দিনে আমাদের চিনি খেতে দেয়নি। তারা আবারও সজাগ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, এ সিন্ডিকেটের দল, মাফিয়ার দল, লুটেরার দল যাতে আবার দাদার নামে, বাবার নামে রাজনীতিতে ফেরত না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। এদের আইনের আওতায় এনে মেরুদণ্ড ভেঙে দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দুই মাসেও প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক বিরোধীদলীয় প্রধান হুইপ।
ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সঞ্চালনায় এ অবস্থান কর্মসূচিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. নেছারুল হক, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিমসহ সেনবাগের নেতারা বক্তব্য দেন।