প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৯:০৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২০:২১ পিএম
সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে মহাখালী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মোহাম্মদপুর থানার তিনটি মামলা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে।’
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের পর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় আতিকুলের নাম রয়েছে।’
গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান। এরপর দিন ১৯ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।
আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৬১ সালের ১ জুলাই নীলফামারী জেলার সৈয়দপুর শহরে জন্মগ্রহণ করেন আতিকুল ইসলাম। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় (বর্তমান তিতাস উপজেলা)। তার বাবার নাম মমতাজউদ্দিন আহমেদ ও মায়ের নাম মাজেদা খাতুন। এই দম্পতির ৬ মেয়ে ও ৫ ছেলের মধ্যে আতিকুল সবার ছোট। আতিকুল বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।