শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৭:২৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৭:৫৬ পিএম
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, তারা দ্রুত নির্বাচনের পক্ষে নন। আগে সংস্কার, তারপর নির্বাচন। এ জন্য এ সরকারকে সমর্থন ও সহযোগিতা করতে চান তারা।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু একটি নির্বাচনের জন্য জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। জনপ্রত্যাশা পূরণ করে এই ফ্যাসিস্ট রাষ্ট্রকে একটা জনবান্ধব রাষ্ট্র কাঠামোতে দাঁড় করাবেন। রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। তার পূর্ববর্তী সময় পর্যন্ত আমরা আপনাদের সমর্থন করতে চাই, সহযোগিতা করতে চাই। কিন্তু আপনাদের মতিগতি ভাল দেখতেছি না। তাই আপনাদের সতর্ক করে বলতে চাই, জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না।’
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক আরও বলেন, ‘সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ যেন আর কোনো সময় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমাদের জীবন থাকতে এ দেশে আওয়ামী লীগকে কোনো ঠাঁই দেওয়া হবে না। লড়াই করে যখন অস্ত্রধারী সন্ত্রাসী আওয়ামী শাসনকে পরাজিত করতে পেরেছি, আগামীতেও আওয়ামী শাসনকে প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশ কিছু বিদেশি উঠেপড়ে লেগেছে। সাবের হোসেন চৌধুরীকে মুক্ত করার পিছনে এরকম একটি তৎপরতা আছে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, ‘আজকে জনগণ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি। উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় বন্যা হয়েছে। তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, উৎপাদন কমে গেছে। সে কারণে সবকিছুর দামই বেড়েই চলছে।’
‘সরকারকে মনে রাখতে হবে এ সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। তাই জনগণ যেন কষ্ট না পায়, সেই অগ্রাধিকার তাদেরকে আগে দিতে হবে। তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চাল, ডাল, আলু, তেল- এগুলোর ওপর ভর্তুকি অব্যাহত রাখতে হবে,’ যোগ করেন নুরুল হক।
তিনি আরও বলেন, ‘দুই বছর লাগবে নির্বাচন হতে। আমরা নির্বাচনের পক্ষে না। আগে সংস্কার হবে, পরে নির্বাচন হবে।’
গণ অধিকার পরিষদের গাজীপুর শাখার আহ্বায়ক পাঠান আজহারের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।