রিজভীর প্রশ্ন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ২১:১৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ২১:৪২ পিএম
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর অতিদ্রুত জামিনে মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার গণহত্যার একজন সহযোগী ছিলেন। তিনি তো শেখ হাসিনার চেতনায় লালিতপালিত। তার নির্দেশে রাজধানীর খিলগাঁও এলাকায় ১১টি গুম খুনের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ এলাকার পাঁচজন শহীদ হয়েছেন। এর দায় তিনি এড়াতে পারেন না।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে গুম-খুন-শহীদ হওয়া পরিবারের সদস্যদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে রিজভী এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরীর বিচারের দাবিতে এই সমাবেশ হয়।
ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে গত রবিবার রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের পর গ্রেপ্তার দেখায় পুলিশ। পরদিন বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে মকবুল নিহত হয়েছিলেন। রিমান্ড মঞ্জুরের পরদিনই মঙ্গলবার সন্ধ্যায় ছয় মামলায় জামিন পেয়ে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী।
২৪ ঘণ্টার মধ্যে কীভাবে সাবের হোসেন চৌধুরীর মতো লোক জামিনে মুক্তি পান এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। উপদেষ্টা আসিফ নজরুল আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি আইন মন্ত্রণালয়ে থাকা অবস্থায় একজন খুনি কীভাবে জামিন পায়! তাহলে এই সরকার কাকে প্রটেকশন দিচ্ছে?
এ সময় ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর বিএনপি নেতা ইউনূস মৃধা, সাবেক কাউন্সিলর লিটন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষার, ডা. তৌহিদুর রহমান আউয়াল, মাসুদুর রহমান, রাজু আহমেদ প্রমুখ।