খালেদা জিয়ার গাড়িতে হামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ২০:৫৫ পিএম
২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়। ছবি : সংগৃহীত
নয় বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগের অন্তত ৩শ নেতাকর্মীকে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গতকাল মঙ্গলবার বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়া প্রচারে নামেন। ঘটনার দিন তিনি উত্তরা এলাকায় পৌঁছলে তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার একটি মামলা হয়েছে।
ওসি আরও বলেন, মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৮২ জনের নাম রয়েছে। এছাড়া মামলায় স্থানীয় আওয়ামী লীগের অজ্ঞাত দুই-তিনশ জনকে আসামি করা হয়েছে।
একই ঘটনায় আরো একটি মামলা হয়েছে। গত ১৯ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। ওই মামলাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। ওই মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমানসহ অনেকের নাম রয়েছে।
ওই মামলায় মোশারফ হোসেন নামের এক আসামিকে গত ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাব। র্যাব ওইদিন এক সংবাদ সম্মেলনে বলেছে ২০১৫ সালের ২০ এপ্রিল কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহর হামলার মুখে পড়ে। গ্রেপ্তার মোশারফ শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে মধ্যে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ারও অভিযোগ ছিল। মোশারফ খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার আসামি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সে সময় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছিল। একটি মামলা বিএনপির পক্ষ থেকে অন্য মামলাটি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে। তবে বিএনপির মামলাটি তদন্ত করেনি পুলিশ এমনকি আসামিদেরও গ্রেপ্তার করা হয়নি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দায়ের করা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছিল পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনার সরকার পতনের আগে ও পরে সারা দেশে আ্ন্দোলন ঘিরে ছাত্র-জনতা নিহত-আহতের ঘটনায় বিভিন্ন জেলায় কয়েকশ মামলা হয়েছে। এসব মামলার মধ্যে প্রায় ২২২টি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।