বিবৃতিতে মির্জা ফখরুল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২০:২৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২০:২৬ পিএম
প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আছে বলেই দেশে নতুন করে ‘ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড’ শুরু হয়েছে। তিনি আরও বলেন, এসব ‘আওয়ামী দোসরদের’ চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের ওপর পড়বে।
বুধবার (২ অক্টোবর) দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
‘মায়ের ডাক’ এর সংগঠক সানজিদা তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে দেশ পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দয় শাসন-শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা। বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল। তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড।’
তিনি আরও বলেন, ‘এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে, সেটিকে নির্মূল করতেই এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নেতা সাজেদুল হক সুমন প্রায় এক যুগ আগে গুম হয়েছেন। গুম হওয়ার পর তার পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন। গুম হওয়ার এতো বছর পর আবারো গত ৩০ সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। অভিযান পরিচালনার সময় অভিযান পরিচালনাকারীরা মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাজ ও চরম অশালীন আচরণ করে। তারা বাসার ছোট্ট শিশুর সঙ্গেও অমানুষের মতো আচরণ করে।’
আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার জোরালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদী। গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির পরিবারের সঙ্গে ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, প্রতিবাদসহ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য জোরালো আহ্বান জানাচ্ছি।’