প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৭ পিএম
ঘাপটি মেরে বসে থাকা দুষ্কৃতিকারীরা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায় বলে দাবি করেছেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানী গুলিস্তানে জাতীয় কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সাম্প্রতিকসময়ে দেশের বিভিন্নস্থানে ঘাপটি মেরে থাকা দুষ্কৃতিকারী অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটিয়ে বর্তমান দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায়। এই বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ও স্বৈরতান্ত্রিক সরকারের পতন-পরবর্তী রাষ্ট্র কাঠামো সংস্কারের জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় জনগণের সব অংশের প্রতিনিধিত্বশীল সরকার, আইনকানুন ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
জেএসডির সাধারণ সম্পাদক বলেন, বার বার সরকার পরিবর্তন হলেও জনগণ রাষ্ট্র পরিচালনায় তাদের অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, এইবার যেন জনগণ বঞ্চিত না হয় সেই বিষয়ে জেএসডি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
সম্পাদকমণ্ডলীর সভায় কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক খান লোকমান হাকিম, বিকাশ চন্দ্র সাহা, মতিউর রহমান মতি, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, আবদুল্লাহ আল তারেক, আনোয়ারুল কবির মানিক, মোশারেফ হোসেন মন্টু, শফিকুর রহমান বাবর, আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সৈয়দ বিপ্লব আজাদ, রফিকুল ইসলাম, আবদুল মোতালেব মাস্টার, এহসান ভূঁইয়া প্রমুখ।