× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বত্য চট্টগ্রামের ঘটনা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৬ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনা অন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামের ঘটনাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। একদিকে শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে জিও পলিটিক্সে (ভূরাজনীতি) যে পরিবর্তন ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে, ওইদিকে ভারতবর্ষের মণিপুরের যে বিদ্রোহ, এসবগুলোকে যদি আপনি আনেন …জিওপলিটিক্সের এই ঘটনাগুলো ভেরি সিগনিফিকেন্ট (খুবই গুরুত্বপূর্ণ) বলে আমি মনে করি। যেহেতু এখন কমেন্ট (মন্তব্য) করাটা ঠিক হবে না।’

মির্জা ফখরুল পার্বত্য চট্টগ্রামের বর্তমান ঘটনাকে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার অংশ বলে মনে করেন। 

তিনি বলেন, ‘আমি মনে করি যে, এটা নিঃসন্দেহে একটা ‘পার্ট অব ডিস্টেবেলাইজিং দিস রুলিং গভর্নমেন্ট (বর্তমান সরকারকে অস্থিতিশীল করার অংশ), তাদের ডিস্টার্ব (বিশৃঙ্খলা) করা, বাংলাদেশের পলিটিক্সকে ডিস্টেবেলাইজড (অস্থিতিশীল) করা। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে অন্যভাবে। আপনারা এটাকে (পরিবর্তন) যারা বিপ্লব বলছেন, এর বিপরীতে একটা প্রতিবিপ্লব ঘটানো, যে সুফল আমরা অর্জন করেছি সেটাকে নষ্ট করা। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা।’

ফখরুল বলেন, ‘শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে থেকে যে সমস্ত কথা বলছেন সেগুলো কতটুকু সত্য-মিথ্যা আমি জানি না। তবে সেই কথাগুলো এখানে বড় ইম্পেক্ট তৈরি করছে। সব মিলিয়ে বিষয়গুলো খুব কমফোর্টেবল (স্বস্তিকর) না, বেশ আন-কমফোর্টেবল বলা যায় যে, উদ্বিগ্ন হবার কারণ আছে।’

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবালয়ে আনসার বাহিনীর ঘেরাও, বিভিন্ন সংগঠনের নানা দাবি-দাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘মব লিঞ্চিং’, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিভিন্ন ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে সরকারকে অস্থিতিশীল করতেই করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

পাবর্ত্য চট্টগ্রামের অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেমন গতকাল (শুক্রবার) মেইন ঘটনাটা ঘটছে। আমাকে আমাদের দলের যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান, উনি আগে এমপি প্রার্থী ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে, স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন। কারফিউ ছাড়া একে নিয়ন্ত্রণ করা যাবে না। তখন আমি যাদের চিনি তাদের জানানোর পরে কারফিউ হয়নি। ১৪৪ ধারা দিয়ে চেষ্টা (নিয়ন্ত্রণের) করা হয়েছে। ঠিক এফেক্টিভ কনট্রোল তারা করতে পারেনি। এর মধ্যে এটা (ঘটনা) বিস্তারলাভ করেছে। এই যে দেরি হচ্ছে, এই দেরিটা কিন্তু ক্ষতির ব্যাপার হচ্ছে।’

তিনি বলেন, ‘এটাতে আমি তাদের (অন্তর্বর্তী সরকার) দোষারোপ করছি না। যারা দায়িত্বে আছেন, ব্যুরোক্রেস মেনলি, তাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সঠিকভাবে পরামর্শ দেওয়া। এটা করা উচিত। আমার কাছে মনে হয়েছে যে, এক্ষেত্রে অনেকটা গ্যাপ আছে। সমস্যাটা ওই জায়গায়।’

ফখরুল বলেন, ‘এই সরকার খুবই সিরিয়াস। তারা করতে চান তারা সবকিছু করতে পারেন। আমার কথা হচ্ছে, আমরা সহযোগিতা করি। ইতোমধ্যে তারা অনেক বড় বড় কাজে হাত দিয়েছেন সেগুলো আমরা দেখি।’

এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপির পরামর্শ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পরামর্শ হচ্ছে, রেগুলার পলিটিক্যাল পার্টির সঙ্গে বিশেষ করে মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলতে হবে।’

তিনি বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামের বিষয় হলো, পাবর্ত্য চট্টগ্রামে তো আমাদের চুক্তি আছে এতো দিন কোনো সমস্যা হয়নি। এখানে শুধু পাবর্ত্য চট্টগ্রামের সমস্যা তা নয়, সামাজিক সমস্যা আছে। এই সমস্যাগুলো দীর্ঘকাল ধরে আমরা সমাধান করিনি। আওয়ামী লীগ সরকার এতো কথা বলেছে, চুক্তি করেছে কিন্তু সমস্যার সমাধান করেনি। এটা তো এক দিনে হবে না, ওদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, বিষয়গুলোকে আলাপ-আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে।’

সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব সংবিধান সংশোধন, সংস্কার কার্য্ক্রম, দেশের রাজনীতি প্রভৃতি বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা