প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:২২ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৪ এএম
বিএনপির খুলনা জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর আহ্বায়ক কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করা হয়েছিল। এতে আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেনকে যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসানকে সদস্যসচিব করা হয়।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। শীর্ষ তিন পদের বাইরে কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
এদিকে রিজভীর সই করা অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীব বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে দলের পক্ষ থেকে এহেন কর্মকাণ্ডের যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। লিখিত জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।