প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩২ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩০ পিএম
জাতীয় প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অন্য নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
বিএনপির নামে এখন যারা চাঁদাবাজি করছে তারা ‘অনুপ্রবেশকারী আওয়ামী লীগের লোকজন’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
জিয়া প্রজন্মের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
সেলিমা রহমান বলেন, ‘এখনও বিএনপির নামে চাঁদাবাজির বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপি নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন। আপনারা সাবধান- এখন পরিচয় না দিলে নতুন কাউকে দলে ঢোকাবেন না। কারণ এরা (আওয়ামী লীগ) এখন ঢোকার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় এরা ঢুকছে।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। নতুন প্রজন্মকে আবারও বলছি, আপনারাই এ দেশের ভবিষ্যৎ, আপনারাই এ দেশ শাসন করবেন। আপনারা সততার সঙ্গে সংঘদ্ধ হোন।’
যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে সেলিমা রহমান বলেন, ‘সেই যুগপৎ আন্দোলনে উনারাও সঙ্গে ছিলেন, উনারাও আন্দোলন করেছেন। আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকার। আামাদের এক থাকতে হবে।’
ছাত্র-জনতার বিপ্লবের শিক্ষার্থী ও নতুন প্রজন্মের মানুষের প্রাণ বিসর্জনে শ্রদ্ধা নিবেদন করে সেলিমা রহমান বলেন, ‘নতুন প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু দীর্ঘ ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই। কোনো নির্বাচিত প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারে নাই, বিনা ভোটে একটা অবৈধ সরকার বারবার ক্ষমতায় এসে এ দেশের জনগণের পেটে লাথি মেরে তাদের ওপর স্টিমরোলার, অত্যাচারের শিকল চালিয়ে বারবার ক্ষমতায় থেকেছেন উনি (শেখ হাসিনা)। ক্ষমতায় থেকে যা-ইচ্ছা তাই করেছেন। শেষ মুহূর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র-জনতা করে সেই আন্দোলনে উনি গণহত্যার মতো নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেন। আপনারা দেখেছেন সেই একটা চিত্র যেখানে এক পুলিশ অফিসার গুলি করে মেরে লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কী নির্মম, কী নিষ্ঠুর কাজ।’
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন চলছে। কারণ এখনও স্বৈরাচাররা চুপচাপ নেই। আপনারা দেখছেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি। এর মধ্যে অনেকে আছে অতীতে আওয়ামী লীগ করত, তারা তাদের উস্কানিতে, দুর্বৃত্ত যারা তাদের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে এখনও তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে। এখনও দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে যে বন্যা হয়ে গেল, হঠাৎ করে ত্রিপুরায় ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার ফলে হয়েছে। এই যে তারা বিভিন্নভাবে ছল-চাতুরি করে ষড়যন্ত্র করছে, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
জিয়া প্রজন্মের সভানেত্রী পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমীন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান মামুন, জিয়া প্রজন্মের জাহাঙ্গীর আালম ভূঁইয়া, সারোয়ার হোসেন রুবেল প্রমুখ।