প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৪ পিএম
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
ছাত্রজনতার নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে টেকসই করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের এক ওয়ার্ড দায়িত্বশীলদের সমাবেশে এ আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী ফ্যাসীবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও গুলি করে রুখে দিতে চেয়েছিল। কিন্তু সংগ্রামী ছাত্র-জনতা তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেয়নি বরং রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রায় সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়েছে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘২০০৮ সালের ২৯ ডিসেম্বর ষড়যন্ত্র ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল। আর এ কথার সত্যতা মিলেছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের আত্মস্বীকৃতি থেকে। এর পরের ইতিহাস কারো অজানা নয়।’
তিনি আরও বলেন, ‘২০১৪ একতরফা তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচন, ২০১৮ সালের নৈশ্যভোট এবং ২০২৪ সালে পাতানো নির্বাচনের মাধ্যমে তারা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার ষোলকলা পূর্ণ করেছিল। নির্মম জুলুম-নির্যাতন চালিয়েও তাদের শেষ রক্ষা হয়নি। এখনও তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। তাই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর প্রকৌশলী গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সালাহ উদ্দীনসহ ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্যবৃন্দ।