× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বিএনপির সমাবেশ : পুরোনো মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৮:২১ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৮:২৫ পিএম

কুমিল্লায় গণসমাবেশ সফল করতে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা করছেন বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় গণসমাবেশ সফল করতে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা করছেন বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুরোনো মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এ ছাড়া কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ বিএনপির। তবে সবকিছু উপেক্ষা করে জনসমাবেশ সফল করার আশা দলটির নেতা-কর্মীদের।

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন নিজাম উদ্দিন কায়সার। 

রবিবার (২০ নভেম্বর) দলে ফেরার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে আজ আন্দোলনের নতুন বসন্ত দেখা দিয়েছে। প্রশাসনের একদল অতি উৎসাহী কর্মকর্তা আমাদের নেতাকর্মীদের হয়রানি করছেন। ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবকদল নেতাদের ঘরে পুলিশ গিয়ে ওই নেতাকে না পেয়ে তার ছোটভাইকে গ্রেপ্তার করেছে। আরও অনেক জায়গায় তারা ভীতির সঞ্চার করছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে  ছাত্রদলের এক কর্মীকে হত্যা করেছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা জানাই। যত বাধাই আসুক, কুমিল্লার সমাবেশ সফল হবেই।’

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, ‘শনিবার (১৯ নভেম্বর) রাতে আমাদের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমাবেশকে পণ্ড করতে আনঅফিসিয়ালি নানা হুমকি দিচ্ছে তারা। পুরনো ও পেন্ডিং মামলাগুলো হঠাৎ সচল করে তারা আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু এসব ভয় দেখানোতে কিছু যায় আসে না। আমরা ঐক্যবদ্ধভাবে সমাবেশ সফল করব।’

বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে পুলিশ। এমন বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলা আছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে নেতাকর্মীরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব।’

বিএনপির সাংগঠনিক বিভাগ কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। রবিবার নতুন করে কাউকে গ্রেপ্তার না করা হলেও এর আগে কয়েকজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তবে কোনো কিছু আমাদের সমাবেশকে বানচাল করতে পারবে না।’

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বলেন, ‘বিএনপি যে অভিযোগ করছে, তা ঠিক নয়। ওরা সুনির্দিষ্টভাবে দেখিয়ে দিক কোথায় কোথায় তাদের কর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নিয়মিত ওয়ারেন্টের ভিত্তিতে যেভাবে আসামি গ্রেপ্তার হয়, সে অনুসারেই অভিযান চলছে। কাউকে উদ্দেশ্য করে অভিযান পরিচালনা হচ্ছে না। এখন অভিযানে যদি তাদের কোনো আসামি গ্রেপ্তার হয় সেটা সাধারণ নিয়মেই হচ্ছে।’

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রভাব পড়তে পারে সমাবেশে

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণের সময় শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা নয়ন।

চাঁদপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল বলেন, ‘চাঁদপুরে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ চলছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় কুমিল্লার সমাবেশকে ঘিরে সবার মধ্যেই উত্তেজনা কাজ করছে। সমাবেশে এর প্রভাব পড়বে। এমন ঘটনায় উপস্থিতি আরও বাড়বে।’

সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণে বাধা

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণের সময় এক যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। জেলার দাউদকান্দি বাজারে ঘটা এমন ঘটনার ভিডিও শনিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি বাজারে উপজেলা বিএনপি অফিসের কাছে বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ- সম্পাদক সেলিম খান। এসময় তাকে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে খাজা,সুমনসহ কয়েকজন ঘিরে ধরে। এসময় সোহেল রানা সেলিম খানকে কানে ধরতে বলেন। কানের ধরার ঘটনা পাশে থাকা ব্যক্তিদের রেকর্ড করতে বলেন। সেই ভিডিও আবার তারাই ফেসবুকে ছড়িয়ে দেন।

ভিডিওতে বলতে শোনা যায়, কানে ধর,...  পুত! নইলে তোরে মাইরালামু। ২৬ তারিখ গণসমাবেশ করবি? বিএনপি আছেনি রে দেশে? মাইরালামু... পুত। এসময় পাশে থাকা দুই-একজন সেলিম খানকে চড়-থাপ্পড় মারেন।

যুবদল নেতা সেলিম খান বলেন, ‘১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার সময় লিফলেট বিতরণ করতে গেলে সোহেল রানার নেতৃত্বে খাজা ও সুমনসহ আরও কয়েকজন আমার ওপর চড়াও হয়। আমি এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। বিএনপির জেলা নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ নেব।’

এ বিষয়ে কথা বলার জন্য দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানাকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন,‘তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। যেখানে পাচ্ছে, সেখানে আমাদের লোকজনকে মারধর করছে। কিন্তু এসব করে সমাবেশকে পণ্ড করা যাবে না।’ 

দলে ফিরতে চান সাক্কু-কায়সার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি থেকে বহিষ্কৃত হন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। ২৬ নভেম্বরের গণসমাবেশ উপলক্ষে গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচারে নেমেছেন এ দুইজনসহ বহিষ্কৃত নেতারা। তাদের দাবি দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলেও দলের প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা তাদের রয়েছে। তাই সমাবেশকে সফল করতে কাজ করছেন তারা।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সা বলেন, ‘আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা দলের বাইরে যেতে পারব না। আমরা হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আশা করি, শিগগিরই আমাদের ভুল ক্ষমা করে দলে ফিরিয়ে নেবেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা