প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৯ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৩ পিএম
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক বলেছেন, ‘সরকার বলছে সংস্কার হলে নির্বাচন, এটা খুবই হতাশার কথা। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও জরুরি।’
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে গুলশানের একটি হোটেলে ‘গণতন্ত্র উত্তরণে অন্তর্বতীকালীন সরকার তথা রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে মিলিনিয়াম বিশ্ববিদ্যালয় ও খান ফাউন্ডেশন।
সাইফুল হক বলেন, ‘আমাদের লড়াইটা ছিল ১৬ বছরের। আর ছাত্র-জনতার আন্দোলন শেষ হলো ৩৬ দিনে। ১৬ বছরে আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে সরকার পতনের যে প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলাম, ছাত্ররা এসে শেষ ধাক্কা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার বলছে সংস্কার করবে- এটা তাদের একার কথা নয়, সকল রাজনৈতিক দলের একই দাবি। এই মূহুর্তে হাসিনার বিদায়ে খুশি হলে চলবে না; ৩১ দফা বাস্তবায়নে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’