প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২২:০১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ২২:২৩ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২৬ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়- তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘আর বাংলাদেশ থেকে ইউকেতে যে টাকাগুলো পাচার হয়েছে অনেকের নামও এসেছে এ ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া, একটি জবাবদিহি সরকার আসার ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে। কত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি জানতে চেয়েছে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে পুরো আন্দোলনে যে, হতাহত হয়েছে বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা যেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ১৫/১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে, এই বিষয়টা আমরা কীভাবে অ্যাড্রেস করছি তা জানতে চেয়েছে। দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছে।’