× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপ্লবীদের নিয়ে অন্তর্বতীকালীন সরকার চান : মেজর হাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৫:৫৮ পিএম

শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর কথা বলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। প্রবা ফটো

শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর কথা বলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। প্রবা ফটো

বিতর্কিতদের বাদ দিয়ে বিপ্লবীদের নিয়ে অন্তর্বতীকালীন সরকার চান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার (২৫ আগস্ট) সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের কাছে এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগস্ট বিপ্লবের লক্ষ্য পুরণের জন্য আমরা এই অন্তর্বতীকালীন সরকারকে সাহায্য-সহযোগিতা দেব। কিন্তু তাদেরকে বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে। যারা বিপ্লবে অংশগ্রহন করেছে তাদেরকে নিয়ে আপনারা সরকার পরিচালনা করুন।’

‘অনতিবিলম্বে বিতর্কিত ব্যক্তিদেরকে সরিয়ে প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদেরকে নেন। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন। আমাদের বুদ্ধিজীবীদের প্রয়োজন নেই। যারা তাকিয়ে দেখে, দুঃসময় চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় ওই ধরনের বুদ্ধিজীবীদের আমাদের প্রয়োজন নেই। সুতরাং এই অবস্থার অবসান চাই। প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত হোক সেটাই আমরা কামনা করি।’

হাফিজ উদ্দিন বলেন, ‘২০ দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কেবল মাত্র আফিস নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি। এখানে আমার সঙ্গে আজকে উপস্থিত ইশতিয়াক আজিজ উলফাতসহ মুক্তিযোদ্ধারা। তারা ৫ আগস্টের আগে এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, শহীদ মিনারে জনতার কাতারে গিয়ে শামিল হয়েছেন।’

‘আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এটি কোনো এনজিও সরকার নয়, বাংলাদেশের জনগনের সরকার। যারা ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ শেরে বাংলা নগরে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন। এই সময়ে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন। পরে মেজর হাফিজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

হাফিজ উদ্দিন বলেন, ‘বিপ্লব কিন্তু সম্পূর্ণ হয় নাই। এখনো বিপ্লব থমকে আছে। পুলিশি স্টেট যারা নির্মাণ করেছে বাংলাদেশে, যারা আয়নাঘরের মতো গৃহিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যারা আয়নাঘর নামে একটি নির্যাতনকারী টর্চার সেল বানিয়েছে, বহু আন্দোলনকারী, সাধারণ মানুষ ও বিরোধী দলের রাজনীতিকদেরকে গুম করেছে, হত্যা করেছে তারা বহাল তৈবিয়তে নিজ নিজ পদে এখনো আছে।’

‘প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছে। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছে।’

আয়নাঘরে বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘সরকারের উচিত ছিলো প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো। ওই আয়নাঘরের সৃষ্টিকারীদের কারো কিছু হচ্ছে না। একজনকে মাত্র গ্রেপ্তার করা হয়েছে।’

সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, এই সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে আমি বলতে চাই, সেনাবাহিনীকে বলতে চাই, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, এমনভাবে তাদের আচরণ হওয়া উচিত যাতে মনে না হয় যে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যে ৪৮৭ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। তালিকা প্রকাশে ভয়ের কি আছে। বিপ্লব সফল করতে হলে এই দুর্বত্তদের দমন করতে হবে।

প্রতিবিপ্লবের বিষয়ে সর্তক থাকার হুঁশিয়ারি দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘যারা পতিত শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা কেউ যদি উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনের যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন। আপনারা কেউ ভাববেন না যে, বিজয় অর্জিত হয়ে গিয়েছে।পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে। সুতরাং আপনারা সজাগ থাকবেন।’

‘আমি বৈষম্যবিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না। আপনারা রাজপথে থাকুন। যেকোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে, বিএনপি আপনাদের সঙ্গে আছে, অন্যান্য রাজনৈতিক দলও থাকবে। মূল শক্তি হিসেবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে প্রতিবিপ্লব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা