কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২১:৫৭ পিএম
কুষ্টিয়ায় মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়া জেলাজুড়ে ভাঙচুর লুটপাট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চৌধুরী মিলন। যার লক্ষ্য ছিল, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং দলীয় নেতাকর্মীদের সচেতন করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। এসব ঘটনায় এরই মধ্যে ছয়টি মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, এসব মামলায় অনেক নিরীহ মানুষকেও আসামি করা হয়েছে। এ ছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়া শহরসহ জেলার বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সব ঘটনায় আঙ্গুল ওঠে স্থানীয় বিএনপি সমর্থকদের দিকে। এরই পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রা শুরুর আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় করা মামলাকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বিভিন্ন বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চলছে।’
তিনি বলেন, ‘বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, তারপরও থেমে নেই চাঁদাবাজি, আগে মানুষ বাড়িঘর করলে সেখানে গিয়ে চাঁদা আদায় হতো, এখনও চাঁদাবাজি চলছে, কিন্তু ধরণ পাল্টিয়েছে মাত্র, শেখ হাসিনার পতনের পরে মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি, প্রতিহিংসা, হয়রানি, ব্যক্তিগত আক্রোশ ও উদ্দেশ্যমূলক ভাবে দেওয়া হচ্ছে মামলা। টাকা না দিলে মামলা, টাকা দিলে মামলা থেকে রেহাই, এভাবে চলতে পারে না।’