প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ০১:২০ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১০:৫০ এএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পদাবনতি ঘটিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ-সংক্রান্ত একটি চিঠি দুলুকে দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরসূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি দুলুর এক বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানো নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে এ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুলু বিএনপি সরকারের সময় ভূমি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত বৃহস্পতিবার নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে।’
এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে শনিবার তাকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
দুলুকে দেওয়া দলের চিঠিতে বলা হয়, ‘আপনার ওই মন্তব্যের কারণে আপনাকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। রবিবার আপনি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। সুতরাং দলের নীতি ও আদর্শের পরিপন্থি ওই বক্তব্য প্রদানের জন্য আপনাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যপদ থেকে অপসারিত করে শুধু জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।’