প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৮:২২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ১৮:৫৫ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লিখিত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রবা ফটো
ধ্বংস ও প্রতিশোধ বাদ দিয়ে ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। আসুন ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। একই সঙ্গে সব ধর্ম, গোত্রের অধিকার নিশ্চিত করার কথাও বললেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বুধবার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দীর্ঘ প্রায় ৬ বছর পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লিখিত বক্তব্য রাখেন তিনি। খালেদা জিয়া বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে গতকাল মঙ্গলবার নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। গতকালই তার পাসপোর্ট দেওয়া হয়।
জনতার উদ্দেশে তিনি বলেন, শান্তি-প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি।
খালেদা জিয়া বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায়, আপনারা আমার কারামুক্তির জন্য সংগ্রাম ও রোগমুক্তির জন্য দোয়া করেছেন। সে জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাদের বীর সন্তানদের। যারা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভবনা নিয়ে এসেছে।
দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে নির্মাণ করতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ।