প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৩:৩৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ১৫:০৭ পিএম
দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রবা ফটো
বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনোভাবে এক কথা নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে, পুড়তে ও ধ্বংস হতে দেখলাম। তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। আওয়ামী লীগ অন্যায় করেছে কিন্তু বঙ্গবন্ধু তো কোনো দোষ করেননি।
বুধবার (৭ আগস্ট) দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এ আন্দোলনকে অভিনন্দন জানাই। নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করেননি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এ ধ্বংস, ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।
কাদের সিদ্দিকী বলেন, আমি সব ছাত্রনেতাকে বলব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষ নই। কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন, আপনারা জয় তিলক পরুন।
তিনি বলেন, আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। আমি চাই তিনি এক মুহূর্ত প্যারিসে বসে না থেকে দেশে এসে দায়িত্ব নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুক।
এ সময় দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলালসহ অন্য নেতারা তার সঙ্গে ছিলেন।