× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা চলছে : কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৫:১৭ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১৬:১৭ পিএম

সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা চলছে : কাদের

শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আদালতের রায়ের পর কোনো ধরনের সময়ক্ষেপণ না করে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালায়।’

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যেই শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটক পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, ‘সহিংসতায় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্যসংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান, তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের সকল প্রকারের চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা দেখতে নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা তাদের ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু একটা রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার বিষয়টিও তাদের বিবেচনায় থাকা উচিত। তাদের এ মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টির কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়েও সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তরণে ধৈর্য ধারণ করা উচিত।’

সেতুমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারও অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হবে না। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রবিবার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। কোনো ধরনের ভয়-ভীতি ও আশঙ্কা ব্যতিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন ফিরে পাক স্বাভাবিক গতি। শিক্ষার্থীরাই আমাদের ভবিষৎ। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে তাদের হাতে।’

ওবায়দুল আরও কাদের বলেন, ‘জামায়াত-শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’

বিএনপি মহাসচিবের বিবৃতির সমলোচনা করে বলেন, ‘জামায়াত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামায়াতের সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের দায় থেকে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলেছেন। কেননা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ জামায়াতের রাজনীতির বৈধতা দেন। খালেদা জিয়া সরকারের আমলে জামায়াত নেতা যুদ্ধাপরাধী গোলাম আযমের নাগরিকত্ব ফেরত দেওয়া হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট হয়ে সরকার গঠন করে। সুতরাং বিএনপির পক্ষে জামায়াতকে পরিত্যাগ করা অসম্ভব। যে কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় সারা দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা