প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২০:২৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২০:৩৪ পিএম
ছাত্র-জনতা হত্যার বিচার, সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করাসহ হত্যাযজ্ঞের দায় ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৩ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ ছাড়াও আন্দোলনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে যুক্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দলটির নেতৃবৃন্দ।
বুধবার (৩১ জুলাই) সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানায় সিপিবি।
বিবৃতিতে বলা হয়, সভা-সমাবেশের ওপর হামলা চালিয়ে এবং গ্রেপ্তার-নির্যাতন ও হত্যা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। দেশে স্মরণকালের হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার পরও সরকারের পদত্যাগ না করায় সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে। ছাত্র সমাজের দাবি মেনে না নিয়ে নানা ধরনের নির্যাতন করে এই আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠকদের নানা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে পিছু হটানোর যে অপচেষ্টা সরকার করছে তা সংকটকে আরও গভীর করে তুলছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, হুমকিধমকি দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তা নাজিরবিহীন। নেতৃবৃন্দ গ্রেপ্তার ছাত্র নেতাদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, ছাত্র নেতৃবৃন্দসহ সারা দেশে গণগ্রেপ্তারদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ধরনের বয়ান সামনে আনা হচ্ছে। সচেতন দেশবাসী শাসকগোষ্ঠীর এ ধরনের বয়ানকে প্রত্যাখ্যান করে এসেছে। সারা দেশে চলমান আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে একাত্ম হয়ে হত্যাযজ্ঞের বিচার, ধ্বংসযজ্ঞের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত এবং সরকারের পদত্যাগ ও দুঃশাসনের অবসানে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।