প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ২২:৩৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ২২:৩৬ পিএম
সাবেক ছাত্র নেতাদের সঙ্গে সভায় অংশ নেন বর্তমান ছাত্র নেতারাও। সংগৃহীত ফটো
অর্জিত বিজয় ধরে রেখে আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নব্বইয়ের গণঅভ্যুত্থান পূর্ববর্তী-পরবর্তী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক নেতারা।
রবিবার (২৮ জুলাই) বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ের নব্বইয়ের এই ছাত্রনেতাদের সঙ্গে প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনগুলোর বর্তমান নেতাদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও নির্দেশনার আলোকে সরকার দ্রুত পরিপত্র জারি করে কোটা সমস্যার সমাধান হয়ে যাওয়ায় আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান তারা।
জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাইয়ূমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না। বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, জাসদ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ মোহসীন, জাসদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপন, সাবেক সভাপতি সাব্বাহ আলী কলিন্স, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোশাহিদ আহমেদ, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ইউনুস সিকদার।
বর্তমান ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জাসদ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, জাতীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক শাহিনুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি চন্দ্রনাথ পাল, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহনগর উত্তর শাখার সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সজল কুন্ডু প্রমুখ।
বৈঠকে সাবেক ও বর্তমান ছাত্রনেরা কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত-জঙ্গিবাদী শক্তির সুপরিকল্পিত, সুসংগঠিত, ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ড, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা, নারী সাংবাদিকদের নির্যাতন ও শ্লীলতাহানির তীব্র নিন্দা জানান।
তারা বলেন, কোটা আন্দোলন ‘হাইজ্যাক’ করে বিএনপি-জামায়াত-জঙ্গিরা যেন অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের সজাগ থাকতে হবে। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত-জঙ্গি অশুভ শক্তির সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য রাজনীতির বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান রইল। এ সময় দেশে-বিদেশে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।