× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধ নেতাকর্মী ও কোটা আন্দোলনকারীদের নির্যাতন করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ২১:০৯ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ২১:০৯ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিরোধী নেতাকর্মী এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতনে করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হত্যা, নির্যাতন বন্ধ করে অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। রবিবার (২৮ জুলাই) সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে ৯ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে সাবেক এমপিসহ সিনিয়র নেতরা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫/৭দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর বিএনপি নেতা সাইফুল আলম নিরব, রফিকুল আলম মজনু, আমিনুল হকসহ অসংখ্য নেতাকর্মীদেরকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।

তিনি বলেন, পুলিশি হেফাজতে নির্যাতনের বিষয়টি তারা আদালতকে অবহিত করেছে। তারপরেও আদালত সরকারপ্রধানের ইশরায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে। জেলখানার ভেতরেও তাদেরকে নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে; যা অমানবিক ও আইনের পরিপন্থি। পুলিশ হেফাজতে এরকম নির্যাতন মানবতাবিরোধী। আমরা স্পষ্ট করে বলতে চাই, নেতাকর্মীদের ওপরে চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে।

গতকাল গ্রেপ্তার হওয়া রাজশাহী বিএনপির সাইফুল ইসলাম মার্শাল, রংপুর মহানগরের শহিদুল ইসলাম মিজু, কৃষক দলের হারুনুর রশীদ ভুঁইয়া, ছাত্র দল নেতা এইচ এম আবু জাফর, তবিবুর রহমান পাপনসহ বিরোধী দলের নেতারা এবং শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

‘কোটা আন্দোলন নিয়ে সরকারের দ্বৈতনীতি’

মির্জা ফখরুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বৈতনীতি অবলম্বন করেছে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরীহ ছাত্র-ছাত্রী ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদেরকে নির্যাতন করা হবে না। অপরদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে। সাধারণ মানুষ, প্রতিবন্ধি শিশু এবং বিভিন্ন শ্রেণী ও পেশার এমনকি চাকরিজীবীরা পর্য্ন্ত এই ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে হত্যা করল তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। বরঞ্চ তাদের নিয়ে সরকারপ্রধান মায়া কান্না করছে।’

হত্যা বন্ধ করে পদত্যাগ করুন 

বিবৃতিতে দেশের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘দেশটাকে আজকে ত্রাসের রাজ্যে পরিণত করা হয়েছে। দিন দিন নিরীহ শিক্ষার্থীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হত্যার সংখ্যা লম্বা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ‍দুষ্কৃতিকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর বর্ণনা দেওয়া হলেও কোটা সংস্কার আন্দোলনকারীদের মৃত্যুর পুরো তালিকা এখনও প্রকাশ করা হয়নি। মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যই এই তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জনগণ মনে করে।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, সরকার ক্ষমতাকে টিকে থাকার লক্ষ্যে সারা দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং হত্যা, নির্যাতন, অব্যাহত রেখেছে তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগ করুন। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা