× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০১৩-১৪ সালের সন্ত্রাসীরা কোটা আন্দোলনে সহিংসতা চালিয়েছে : মেয়র লিটন

রাজশাহী অফিস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ২০:১৯ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। ফাইল ফটো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। ফাইল ফটো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২০১৩-১৪ সালে যারা আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল, সেই সন্ত্রাসীরা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড করেছে।

চলমান পরিস্থিতিতে রাজশাহীর ব্যবসায়ী নেতাদের এক মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন। বুধবার (২৪ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বরাজশাহীতে সকাল-সন্ধ্যা কারফিউ শিথিল, নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দাবি জানান ব্যবসায়ী নেতারা।

খায়রুজ্জামান লিটন বলেন, পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে– বিএনপি-জামায়াতের যেসব ক্যাডার ঢাকায় ধ্বংসাত্মক কার্যক্রমে যুক্ত ছিল, তারা ঢাকা থেকে নিজ-নিজ এলাকায় ফিরে আসছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শহরের কোথাও সন্দেহজনক ব্যক্তির অবস্থান বা চলাফেরা দেখা গেলে প্রশাসনসহ সংশ্লিষ্টদের খবর দেবেন। আমাদের সজাগ থাকতে হবে, যেন কেউ কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, রাজশাহীর পরিবেশ যেহেতু শান্তিপূর্ণ আছে, সেজন্য যত বেশি সময় সম্ভব কারফিউ শিথিলের জন্য আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষকরে আম ও মৎস ব্যবসায়ীরা প্রতিদিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি সামলে নিয়ে কীভাবে আমরা এগোতে পারি, সেজন্য মেয়র মহোদয় সভা আহ্বান করেছেন। এজন্য মেয়র মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির বলেন, আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে সমর্থন করি না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রমাণ করেছি– রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বলিষ্ঠ নেতৃত্বের কারণে রাজশাহীতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারেনি দুর্বৃত্তরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু বলেন, মেয়র মহোদয় সকাল-সন্ধ্যা মাঠে ছিলেন, নগরবাসীর নিরাপত্তায় পাহারায় ছিলেন। সেই কারণে রাজশাহীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে সেসব নৈরাজ্য ঘটেছে, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

আরডিএ ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, দেশে যে নৈরাজ্যকর ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজশাহীতে কারফিউ সকাল-সন্ধ্যা শিথিল করার অনুরোধ জানাই। আমরা যেন স্বাভাবিক অবস্থান ফিরে যেতে পারি।

রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান বলেন, রাসিক মেয়র মহোদয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সিটি মেয়রের সঠিক তৎপরতার কারণে রাজশাহীতে বিশৃঙ্খলা হয়নি। আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই।

রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার এসোসিয়েশনের (রেডা) সভাপতি তৌফিকুর রহমান লাভলু বলেন, নগরপিতা হিসেবে খায়রুজ্জামান লিটন ভাই যথাসময়ে যথা-সিদ্ধান্ত নিয়েছেন। তার সুদৃঢ় নেতৃত্বের কারণে রাজশাহীর পরিবেশ এখনও নিয়ন্ত্রণে ও শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি এটি বজায় থাকবে। আমরা সবাই নগরপিতাকে সহযোগিতা করি।

রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী বলেন, আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের উপর যারা নির্ভরশীল সেসব দিনমজুর, শ্রমিক ও পরিবহন শ্রমিক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন আয়ের মানুষরা কষ্টে আছে। আমরা নিজ-নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়াই।

মহানগর পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন বলেন, সারা দেশে বিশৃঙ্খলা হলেও রাজশাহীতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। রাজশাহীর পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্তিপূর্ণ রয়েছে। মেয়র মহোদয় বিপদে আপদে আমাদের পাশে আছেন, আমরা তার পাশে আছি। ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলের স্বার্থে কারফিউ সকাল-সন্ধ্যা শিথিল করার অনুরোধ জানাচ্ছি।

সভামঞ্চে আরও ছিলেন রাজশাহী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ। আরও বক্তব্য দেন ভদ্রা কাঁচাবাজার সমিতির সভাপতি জয়নাল আবেদিন চাঁদ, রাজশাহী বাণিজিক মৎস খামার মালিক সমিতির সদস্য সচিব খায়রুল বাশার প্রমুখ। সঞ্চালনা করেন রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা